পুবের কলম, দুবরাজপুর: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ২৬শে মার্চ দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খয়রাশোলের গোষ্ঠ ডাঙ্গাল মাঠে এক বিশাল জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী নরেশ বাউরীর সমর্থনে আয়োজিত এই জনসভাকে ঘিরে এখন সাজ সাজ রব বীরভূম জেলায়।
 
মুখ্যমন্ত্রীর সফরের আগে আজ গোষ্ঠ ডাঙ্গাল মাঠে পরীক্ষামূলকভাবে অবতরণ করল একটি হেলিকপ্টার। মূলত নিরাপত্তা এবং অবতরণ ব্যবস্থার সঠিক মহড়া নেওয়ার জন্যই এই উদ্যোগ।

হেলিকপ্টার নামার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
 
একই সঙ্গে আজ সভাস্থল পরিদর্শনে করেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি মঞ্চের প্রস্তুতি ও সাধারণ মানুষের বসার জায়গা ঠিকমতো হয়েছে কি না, তা খতিয়ে দেখেন তারা। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, ২৬ তারিখের এই সভায় জনজোয়ার নামবে। খয়রাশোল ব্লকের তৃণমূল নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পাশাপাশি জনসভাকে সফল করতে কোমর বেঁধে নেমেছেন।