লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একাধিক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার অভিযোগে তদন্তে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল  গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি এ কথা জানান।

মুখ্যমন্ত্রীর দাবি, অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র যাচাই করতে গিয়ে একাধিক ভুয়ো উপভোক্তার তথ্য সামনে এসেছে।

তাঁর কথায়, এখনও পর্যন্ত ২২টি সন্দেহভাজন অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, যেখানে মহিলাদের জন্য নির্ধারিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরুষদের নামে জমা পড়ছিল বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুভেন্দু অধিকারী জানান, চিহ্নিত অ্যাকাউন্টগুলোর মধ্যে রাকিবুল, মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী তুহিনা, এবং তারিকুল রহমানের নাম উঠে এসেছে। তিনি বলেন, এই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না এবং গোটা বিষয়টি তৃণমূল স্তর পর্যন্ত খতিয়ে দেখা হবে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, প্রকল্পের আবেদনপত্র নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি জানান, বহু মানুষ ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এবং সোমবার থেকে অনলাইন আবেদনও শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও বিপুল সংখ্যক আবেদন জমা পড়বে।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।