জিশান আলি মিঞা : ভাগিরথীর জলে তলিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি। শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির খোঁজ মেলেনি। পরিবারের লোকেদের দাবি, ভোটার তালিকায় তার ছেলেমেয়েদের নাম বাদ পড়েছে। সেই আতঙ্কেই তিনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি পরিবারের লোকেদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম নিরাজুল শেখ (৫৪)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানার বাজারপাড়া এলাকায়। তিনি পেশায় রিক্সাচালক। এ দিন দুপুরে ভাগিরথী নদীতে স্নান করতে যাব বলে বাড়ি থেকে বের হন।
পরিবারের লোকেদের দাবি, স্যার আতঙ্কেই তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন। পুলিশ, প্রশাসনের দাবি, স্নান করতে নেমে তিনি নিখোঁজ হয়েছেন। এ দিন সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে দাবি পুলিশের। ঘটনার পর ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে সিভিল ডিফেন্স কর্মী ও উদ্ধারকারী দল।
 
পরিবারের লোকেদের দাবি, ভোটার তালিকায় তার নাম থাকলেও ছেলেমেয়েদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। শুক্রবার ওই ব্যক্তির পাড়ায় পুলিশ এসআইআর বিষয়ে তথ্য সংগ্রহের জন্য এলাকায় যান। তার ছেলেমেয়েদের খোঁজ করেন পুলিশ কর্মীরা। ওই ব্যক্তির স্ত্রী ফেরদৌসী বিবি বলেন, এসআইআরের সময় থেকেই তিনি আতঙ্কগ্রস্ত ছিলেন। দেশ ছেড়ে চলে যাওয়ার আতঙ্কে গত কয়েক মাস ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন ঘটনার যথাযথ তদন্ত করে পরিবারের পাশে থাকুক।