বাংলা ভাষায় কথা বলাকে কেন্দ্র করে ওড়িশায় ভয়াবহ হামলার শিকার হলেন মুর্শিদাবাদের সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর গ্রামের চার পরিযায়ী শ্রমিক। ফেরিওয়ালার কাজ করতে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, ওড়িশার গঞ্জাম জেলার রানিপাড়া এলাকায় বজরং দলের সদস্যরা তাঁদের বেধড়ক মারধর করে এবং ‘জয় শ্রীরাম’ বলার জন্য জোরাজুরি করে। মার খেয়েও রেহাই না মেলায় আতঙ্কের মধ্যেই আহত অবস্থায় বাড়ি ফিরতে বাধ্য হন তাঁরা। সবচেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন ২২ বছরের রুহুল শেখ।

সহশ্রমিক নাহিদ সরকার জানান, শুধু বাংলায় কথা বলা নয়, মুসলিম পরিচয়ের কারণেও তাঁদের টার্গেট করা হয়। অভিযুক্তরা এলাকা ছাড়ার হুমকি দিয়ে যায়। রুহুলের কাকা সুখচাঁদ শেখ অভিযোগ করেন, ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে। আক্রান্তরা স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে সাহায্য চাইতে গেলে কোনও সহায়তা পাননি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিযায়ী ঐক্য পরিষদ জানিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে বারবার বাঙালি শ্রমিকদের উপর এমন হামলা উদ্বেগজনক। কেন্দ্রের কাছে শীঘ্রই প্রতিকার চাওয়া হবে।