পুবের কলম ওয়েবডেস্ক : সমীর ওয়াংখেড়ের নিকাহ-র ছবি সামনে আনলেন মহারাষ্ট্রের উন্নয়নমন্ত্রী নবাব মালিক।আরিয়ান খানের গ্রেফতারির পর থেকে জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি-র এই কর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেই চলেছেন নবাব। তবে এ বার তাঁর আক্রমণের লক্ষ্য সমীরের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের চাকরি এবং সেই চাকরি পাওয়ার জন্য তথ্যগত ‘দুর্নীতি’র আশ্রয় নেওয়া।
বুধবার সকাল ৭টা ৪১ মিনিটে সমীরের বিয়ের ছবিটি টুইটারে প্রকাশ করেন মহারাষ্ট্রের মন্ত্রী এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা নবাব। বর্ণনায় কিছুটা রসিকতার সুরেই লেখেন, এক মিষ্টি দম্পতির ছবি। সমীর দাউদ ওয়াংখেড়ে এবং চিকিৎসক শাবানা কুরেশি। এখনকার দুঁদে এনসিবি কর্তা সমীর ২০০৬ সালের ওই ছবিতে একজন অল্পবয়সি যুবক। বিয়ের দিন প্রথম স্ত্রী শাবানাকে নিয়ে ছবিটি তুলিয়েছিলেন তিনি। ওই ছবি এবং তার পরে সমীরের মুসলিম মতে বিয়ের শংসাপত্র বা নিকাহনামা প্রকাশ করেচেন নবাব।
মহারাষ্ট্রের মন্ত্রী নবাব জানিয়েছেন, সমীরের ধর্ম নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। তিনি শুধু চোখে আঙুল দিয়ে দেখাতে চান সমীর একজন অসৎ ব্যক্তি। যিনি চাকরির প্রয়োজনে খাতায় কলমে নিজের ধর্ম কিংবা জাতি বদলে ফেলতেও দ্বিধাবোধ করেননি।