পুবের কলম, ওয়েবডেস্ক: গতকালই বিরোধী দলের বৈঠকে জোটের নাম চূড়ান্ত হয় 'ইন্ডিয়া'। এবার সেই বিরোধী জোট 'ইন্ডিয়া' নামের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হল। ড: অবিনীশ মিশ্র 'ইন্ডিয়া' নাম ব্যবহারে আপত্তি জানিয়ে দিল্লির বারাখাম্বা থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করেছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা আশুতোষ দুবে।

জানা গিয়েছে, 'ইন্ডিয়া' শব্দটি ব্যবহার করে জনগনের অনুভূতিতে আঘাত করা হচ্ছে।
২৬ টি বিরোধী রাজনৈতিক দল দেশের নামের অপব্যবহার করছে বলে অভিযোগ। প্রতীক আইনের ধারা ২(সি) অধীনে মামলা রুজু করা হয়েছে। জোটের নাম নিয়ে আপত্তি প্রকাশ করে ডঃ অবিনীশ মিশ্র দলগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

অন্যদিকে, মহারাষ্ট্রের বিজেপি নেতা আশুতোষ দুবে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বলেছেন, বিরোধীরা নিজস্ব রাজনৈতিক লাভের জন্য 'ইন্ডিয়া' নামের ব্যবহার করছে। এতে দেশের মর্যাদাকে অসম্মান করেছে।