পুবের কলম, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের 'শ্রী মাতা বৈষ্ণো দেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল এক্সেলেন্স' (SMVDIME)-এ ভর্তি হওয়া এমবিবিএস পড়ুয়াদের কলেজ বণ্টন নিয়ে চলা দীর্ঘ টানাপোড়েনের অবসান হলো। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঘোষণা করেছেন যে, সরকার এই সমস্যার স্থায়ী সমাধান করেছে।
পরিকাঠামো এবং কর্মী নিয়োগে গুরুতর খামতির কথা উল্লেখ করে ন্যাশনাল মেডিক্যাল কমিশন সম্প্রতি মাতা বৈষ্ণো দেবী কলেজটির এমবিবিএস কোর্সের অনুমতিপত্র প্রত্যাহার করে নিয়েছিল। এর ফলে সেখানে সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ জানানো হয়েছে, "সরকার বৈষ্ণো দেবী কলেজের নির্বাচিত এমবিবিএস প্রার্থীদের কলেজ বরাদ্দের বিষয়টি সমাধান করেছে। বোর্ড অফ প্রফেশনাল এন্ট্রান্স এগজামিনেশন এখন কাউন্সেলিংয়ের সময়সূচী জারি করেছে, যার ফলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা নিয়ে এগিয়ে যেতে পারবে।" বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই কলেজের শিক্ষার্থীদের জন্য সাতটি সরকারি মেডিক্যাল কলেজে মোট ৫০টি অতিরিক্ত আসন তৈরি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বোর্ড অফ প্রফেশনাল এন্ট্রান্স এগজামিনেশন খুব শীঘ্রই এই শিক্ষার্থীদের জন্য সশরীরে উপস্থিত থেকে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করবে। সরকারের এই দ্রুত পদক্ষেপে স্বস্তিতে পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা।