পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা মহামারিতে ঝিমিয়ে পড়া পর্যটন খাতকে চাঙ্গা করতে পূর্ণাঙ্গ দুই ডোজ টিকা নেওয়া বিদেশি পর্যটকদের জন্য পুনরায় অন-অ্যারাইভাল ভিসা চালু করেছে নেপাল। নেপালের সংস্কৃতি পর্যটন ও অসামরিক বিমান চলাচলমন্ত্রকের ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে নেপাল সফরের অন্তত ১৪ দিন আগে করোনা ভাইরাসের টিকার পূর্ণাঙ্গ ডোজ গ্রহণের প্রমাণ দেখানো সাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে। এতে আরও বলা হয়েছে, বিদেশি পর্যটকদের নেপালগামী ফ্লাইটে বোর্ডিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। সঙ্গে থাকতে হবে হোটেল বুকিংয়ের কাগজপত্র।
আরও পড়ুন:
এছাড়া পাহাড়ে উঠতে আগ্রহী পর্যটকদের নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও দেখাতে হবে।
বিদেশি ভ্রমণকারীদের নেপালে অবতরণের পর অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। করোনা পজিটিভ হলে তাদের আইসোলেশনে থাকতে হবে। মহামারিতে গতবছর মার্চে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছিল নেপাল। নেপাল সরকার জানিয়েছে, রাজধানীর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরই পর্যটকরা ভিসা পেয়ে যাবেন। ভারত থেকে বাসে করে যাঁরা আসবেন তাঁরাও একই সুবিধা পাবেন।