রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক বড় ঘোষণা করল শুভেন্দু অধিকারী সরকার। মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি থেকে শুরু করে ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। সোমবার নবান্নে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরে প্রায় ৫০ হাজার শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সেই লক্ষ্যে আগামী ৫ জুনের মধ্যে নতুন নিয়োগ নীতি প্রকাশ করা হবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন সরকারি পদে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হবে।

ডিএ নিয়েও আশ্বস্ত করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে সরকার।

আগামী ২২ জুন রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ডিএ বৃদ্ধির বিষয়ে বড় ঘোষণা করা হতে পারে। কেন্দ্র ও রাজ্যের ডিএ-র মধ্যে যে ৪২ শতাংশের ব্যবধান রয়েছে, তা কমানোর লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

এছাড়া আগামী বছরের জানুয়ারি মাস থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বৈঠক শেষে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিরা জানান, ডিএ নির্ধারণে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (এআইসিপিআই) অনুসরণের আশ্বাসও দিয়েছে সরকার।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব-সহ শীর্ষ প্রশাসনিক কর্তারা। পাশাপাশি কলকাতার পেনশনভোগীদের বকেয়া ডিএ দ্রুত মেটানোর জন্য অর্থ দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের আদলে একটি যৌথ পরামর্শদাতা কমিটি বা ‘জয়েন্ট কনসালটেটিভ কমিটি’ গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, বৈঠকে পূর্বতন সরকারের আমলের নিয়োগ দুর্নীতির প্রসঙ্গও ওঠে। বিশেষ করে পিএসসি-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। এরপরই পিএসসি চেয়ারম্যান দেবল রায়কে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী ৪ জুন তিনি পদত্যাগ করতে পারেন বলেও জানা গিয়েছে।