পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বলোদাবাজার-ভাটাপাড়া জেলায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

জেলাশাসক দীপক সোনি সংবাদ সংস্থা পিটিআই-কে ফোনে জানান, বৃহস্পতিবার ভাটাপাড়া গ্রামীণ এলাকার বকুলাহি গ্রামে অবস্থিত ‘রিয়েল ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড’-এর কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, কারখানার ‘ডাস্ট সেটলিং চেম্বার’ (DSC)-এ বিকট বিস্ফোরণ ঘটে।
এর ফলে চেম্বারে থাকা অত্যন্ত উত্তপ্ত ধূলিকণা শ্রমিকদের ওপর ছিটকে পড়ে এবং তাঁরা মারাত্মকভাবে দগ্ধ হন। ঘটনাস্থলেই ৬ জন শ্রমিকের মৃত্যু হয়।

খবর পাওয়ার পরপরই পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। জেলাশাসক জানিয়েছেন, আহত ৫ জন শ্রমিককে বিলাসপুরের ছত্তিশগড় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (CIMS)-এ ভর্তি করা হয়েছে।

তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারী জয়সওয়াল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জেলাশাসকের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সরকার এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে।