নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর: সম্প্রতি উর্দু সংবাদপত্র প্রকাশের ২০০ বছর পূর্ণ হয়েছে। উর্দু সাংবাদিকতার ২০০ বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ  উর্দু  অ্যাকাডেমির উদ্যোগে  শনিবার একটি  সেমিনার অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। এই  সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন রাজ্যসভার  সাংসদ তথা উর্দু অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান নাদিমুল হক। ছিলেন  রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানী।

এ ছাড়াও এই সেমিনারে আলোচনায় অংশ নেন  বিশিষ্টজন সহ শিক্ষাবিদরা।

ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, করণদিঘির বিধায়ক গৌতম পাল, কালিয়াগঞ্জ বিধায়ক সৌমেন রায় এবং হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মণ। এছাড়াও ছিলেন ইয়ালামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল, পুলিশের ডিআইজি অনুপ জয় সওয়াল, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ও রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সানা আখতার সহ অন্যান্য আধিকারিকেরা।

এদিন মন্ত্রী গোলাম রব্বানী ও বিধায়ক আব্দুল করিম চৌধুরী তাঁদের ভাষণে উর্দু ভাষার মানুষদের উদ্দেশ্য জানান, 'উর্দুর সঙ্গে বাংলা পড়তে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। কেননা সরকারি চাকরি করতে হলে বাংলা মাধ্যম অবশ্য শেখা প্রয়োজন। সেই সঙ্গে উর্দু ভাষার বিস্তার লাভের কথা জানান।

মন্ত্রী গোলাম রব্বানী তাঁর ভাষণে 'উত্তরবঙ্গের প্রয়াত দুই রাজনৈতিক ব্যক্তিত্ব  মালদহের  এবিএ গনিখান চৌধুরী এবং প্রিয়রঞ্জন দাশমুন্সীর নামে গবেষণা করার প্রস্তাব দেন।"

উর্দু অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান নাদিমুল হক বলেন, 'ভারতের স্বাধীনতা আন্দোলনে সংবাদপত্রের বিশেষ অবদান ছিল। সেই সঙ্গে উর্দু ভাষার সংবাদপত্র ইংরেজদের বিরুদ্ধে জনমত তৈরি করতে  বড় ভূমিকা নেয়।'

এদিন দুটি সেশনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেশনে ছিল উর্দু ভাষা নিয়ে আলোচনা পর্ব।

আলোচনা শিবিরে বর্তমান রাজ্য সরকারের উর্দু অ্যাকাডেমির বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপ তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর উর্দু অ্যাকাডেমির নোডাল অফিসার এম আই নাজিম।

প্রসঙ্গত,ভারতীয় উপমহাদেশে প্রথম উর্দু সংবাদপত্র প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে। পত্রিকাটির নাম জাম-ই-জাঁহা-নুমা। প্রকাশকাল ছিল ১৮২২ সালের ২৭ মার্চ।