পুবের কলম প্রতিবেদক: আকাশের মুখ ভার। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে। রাজ্যের নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা শোনালো আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে, সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার থেকে হাওয়া বদল হবে বঙ্গে।
আবহাওয়ার উন্নতি। যদিও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬১ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে ১.৯ মিলিমিটার।আরও পড়ুন:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ, সোমবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলের জেলা সহ দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। একইভাবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধু আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে।
২১ মার্চ, মঙ্গলবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের পূর্বাভাস নেই। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। ২২ মার্চ, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে রাজ্য জুড়ে।আরও পড়ুন:
আবহাওয়াবিদদের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝড়ো হওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগান এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আমবাগানের ক্ষতি হতে পারে। যারা এখনো আলু তোলেননি সেই আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষেও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।