নয়াদিল্লি, ৩০ মে: গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের শরণার্থী শিবিরে জোরদার হামলা শুরু করেছে ইসরাইল। লাগাতার হামলায় ৪৫ জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ইসরাইলের অব্যাহত গণহত্যা নিয়ে তীব্র নিন্দা জানাল ভারত।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "রাফার শরণার্থী শিবিরে বেসামরিক নাগরিকদের প্রাণহানি গভীর উদ্বেগের বিষয়। আমরা ধারাবাহিকভাবে চলমান সংঘাতে বেসামরিক জনগণের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছি।"আরও পড়ুন:
উল্লেখ্য, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। রবিবার রাতে তাল আল-সুলতান এলাকা থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে বড় ধরনের বিস্ফোরণ ও ভয়াবহ আগুনকে জ্বলতে দেখা গেছে।
এদিকে রাফায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়েছে মিশর ও কাতার। যারা এই সংঘাতে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে। পাশাপাশি জর্ডান, কুয়েত, সৌদি আরব এবং তুরস্ক গণহত্যা তীব্র নিন্দা জানিয়েছে। মিশর গাজাকে 'বসবাসের অযোগ্য' বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছে। অন্যদিকে, ইসরাইলি হামলা নিয়ে "আন্তর্জাতিক আইনের বিপজ্জনক লঙ্ঘন" বলে অভিহিত করেছে কাতার।