পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে নতুন করে লকডাউন হতে পারে— এমন জল্পনা ও গুজবকে সমূলে বিনাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। শুক্রবার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভারত সরকারের কাছে এই মুহূর্তে দেশব্যাপী লকডাউন করার কোনো প্রস্তাব বা পরিকল্পনা নেই। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক দূর করতেই মন্ত্রীর এই বিশেষ স্পষ্টীকরণ।
সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ হরদীপ সিং পুরী জানান, "লকডাউন নিয়ে ছড়িয়ে পড়া খবরগুলো সম্পূর্ণ মিথ্যা। ভারতে লকডাউনের গুজব পুরোপুরি ভিত্তিহীন।
আন্তর্জাতিক পরিস্থিতির অস্থিরতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, সরকার জ্বালানি, সরবরাহ শৃঙ্খল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রাপ্যতার ওপর রিয়েল-টাইম ভিত্তিতে নজর রাখছে। তিনি আশ্বস্ত করে বলেন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জ্বালানি ও অন্যান্য জরুরি পরিষেবার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেকোনো উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত।