পুবের কলম ওয়েবডেস্কঃ ২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নিজেদের প্রত্যাহার করবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন রুশ মহাকাশ সংস্থা রসকসমসের নতুন প্রধান ইউরি বোরিসভ। তিনি জানান, গবেষণা চালিয়ে যেতে নিজস্ব মহাকাশ স্টেশন বানাবে রাশিয়া। বিশ্বের শীর্ষ পাঁচটি মহাকাশ গবেষণা সংস্থার একটি যৌথ প্রকল্প আইএসএস।
আরও পড়ুন:
১৯৯৮ সাল থেকে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তখন থেকে হাজার হাজার বৈজ্ঞানিক গবেষণা চালাতে ব্যবহার করা হয়েছে এই মহাকাশ স্টেশন। ১৯৯৮ সাল থেকেই আমেরিকা– রাশিয়াসহ অন্যান্য অংশীদার দেশ সফলভাবে আইএসএসে কাজ করছে। এটির মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সাল পর্যন্ত।
আরও পড়ুন:
তবে বাকি অংশীদারদের সম্মতির ভিত্তিতে আরও ছয় বছর আইএসএসের মেয়াদ বাড়াতে চায় আমেরিকা। চলতি বছর ইউক্রেনে অভিযান শুরুর পর আইএসএস নিয়ে অংশীদারদের সঙ্গে তিক্ততা দেখা দেয় রাশিয়ার। পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে এর আগেও অবশ্য মহাকাশ স্টেশন থেকে নিজেদের প্রত্যাহারের হুমকি দিয়েছে মস্কো। বৈঠকে রসকসমস প্রধান বলেন, ২০২৪ সাল নাগাদ নিজেদের একটি মহাকাশ স্টেশন বানাবে রাশিয়া। এ সময় পুতিন এই সিদ্ধান্তকে সমর্থন জানান।