পুবের কলম ওয়েব ডেস্কঃ দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্প আবারও পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, কেন্দ্রের আর্থিক বরাদ্দ পুনরায় আসতে শুরু করায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের কাজ দ্রুত এগোচ্ছে। তাঁর দাবি,  এর ফলে গ্রামীণ কর্মসংস্থান,  আবাসন ও পরিকাঠামো নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে ২০২২ সাল থেকে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পে অর্থবরাদ্দ কার্যত বন্ধ ছিল।

তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন,  গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প,  আবাসন প্রকল্প,  গ্রামীণ সড়ক নির্মাণ,  স্বনির্ভর গোষ্ঠীভিত্তিক জীবিকা উন্নয়ন কর্মসূচি,  স্থানীয় স্বশাসন ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক সহায়তা সংক্রান্ত একাধিক প্রকল্প আবার সক্রিয় করা হয়েছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে রাজ্যে সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে বলে দাবি করেন মন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২৭৯০ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা নির্মাণের পাশাপাশি ৪৫টি সেতু তৈরি করা হবে।
কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা। চূড়ান্ত অনুমোদন মিললেই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

মন্ত্রী জানান, আগামী পয়লা জুলাই থেকে সারা দেশে নতুন কর্মসংস্থানভিত্তিক গ্রামীণ প্রকল্প চালু হতে চলেছে। জুন মাস পর্যন্ত বর্তমান কাঠামো কার্যকর থাকবে। নতুন ব্যবস্থার আওতায় যোগ্য পরিবারগুলি বছরে ১২৫ দিন পর্যন্ত কাজের সুযোগ পাবে। পাশাপাশি নির্দিষ্ট সময় কর্মসংস্থান না পেলে আইন অনুযায়ী সুরক্ষা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রকল্পের ব্যয় কেন্দ্র ও রাজ্য যথাক্রমে ষাট ও চল্লিশ শতাংশ হারে বহন করবে।