পুবের কলম,ওয়েবডেস্ক: পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এর আগে চার মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ না মানলেও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৃহস্পতিবার সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে বঙ্গভবনে উপস্থিত হন তিনি।
আরও পড়ুন:
জাতীয় নির্বাচনের পরপরই শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে দ্রুততার সঙ্গে ভারত, চিন এবং রাশিয়াসহ অনেকগুলো দেশ অভিনন্দন জানালেও ভিন্ন পথে হাঁটে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বলে, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি। আমেরিকার মতো একই সুর দেখা যায় ব্রিটেন, কানাডাসহ কিছু পশ্চিমা দেশের। তবে বিবৃতিতে যাই বলুক, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত হন হাস। আমেরিকা আগেই জানিয়ে দিয়েছে, নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ না হলেও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে তারা।
আরও পড়ুন:
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
এদিন হাসিনার শপথের পর রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান। ৩৬ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ১১ জন।