পুবের কলম, ওয়েবডেস্ক: দুবাই এয়ার শো-তে ভেঙে পড়ল তেজস যুদ্ধবিমান। দুবাইয়ের আল মাকতুম বিমানবন্দরে চলছিল যুদ্ধবিমানের প্রদর্শনী। আকাশে কসরত দেখাচ্ছিল তেজস। সেই সময়ে আচমকাই যেন গোঁত্তা খেয়ে নীচের দিকে নামতে শুরু করে এই লাইট কমব্যাট এয়ারক্র্যাফট। দুর্ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তাতে দেখা যাচ্ছে, উপরের দিকে উঠতে উঠতে আচমকাই থেমে গেল তেজস। কয়েক সেকেন্ড মাত্র। তার পরেই প্রবল বেগে নীচের দিকে নামতে শুরু করল। কয়েক সেকেন্ডের মধ্যে গোঁত্তা খেয়ে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ।
দাউদাউ করে জ্বলে উঠল তেজস। দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই ভারতীয় বায়ু সেনাকে এই যুদ্ধবিমান সার্ভিস দিয়ে আসছে। তখন থেকেই বেশ সুনাম কুড়িয়েছে এই বিমান। এখনও পর্যন্ত এই বিমান মাত্র ১ বার দুর্ঘটনার মুখে পড়েছে।

আর তারপরও এমন দুর্ঘটনা। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক থেকে ইঞ্জিনিয়ার, প্রত্যেকেই বলছেন এটা হয়ত যান্ত্রিক ত্রুটি। কারণ, যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে তাতে স্পষ্ট ভাবে বলা সম্ভব নয় যে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে। সম্পূর্ণ ভারতে তৈরি এই যুদ্ধবিমান ভেঙে পড়ায় বলা যায় গোটা বিশ্বের সামনে প্রশ্নের মুখে পড়ল ভারতীয় প্রযুক্তি। কারণ, একাধিক দেশ এই তেজস যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে।