কিবরিয়া আনসারী: সন্দেশখালি কাণ্ডের ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজ্য রাজনীতি নয়া মোড়। এবার রানাঘাটের নির্বাচনী সভা থেকে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 'আসল সত্য' ফাঁস হয়েছে বলে মন্তব্য করলেন তিনি। এদিন বিজেপির সুর চড়িয়ে মমতা বলেন, "অনেক দিন ধরে বলছিলাম, এটা পরিকল্পনা, বিজেপির তৈরি করা নাটক। ফাঁস হয়ে গিয়েছে।

"

উল্লেখ্য, শনিবার সন্দেশখালি কাণ্ডের এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কোয়েলকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির রেখা পাত্রদের ধর্ষণের অভিযোগ সাজানো। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল)। স্থানীয় ওই বিজেপি নেতার দাবি, “শুভেন্দুদার নির্দেশে আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন, টাকা ও মোবাইলও দিয়েছেন।

শুভেন্দুদা বলেছেন, এটানা করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।"

 

বিজেপি নেতার ভিডিয়োটি শেয়ার করে তৃণমূল সুপ্রিমো লেখেন, "সন্দেশখালির এই স্টিং অপারেশন প্রমাণ করে যে, বিজেপি আসলে কতটা নোংরা এবং ঘৃণ্য একটি দল। বাংলার প্রগতিশীল ভাবধারা ও কৃষ্টি-সংস্কৃতির প্রতি আঘাত হানতে, বাংলা-বিরোধীরা আমাদের রাজ্যের সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র-চক্রান্ত করে।" ভারতের ইতিহাসে এর আগে কখনও দিল্লির কোনো শাসক দল, স্রেফ প্রতিহিংসার বশে একটি গোটা রাজ্য এবং সেই রাজ্যের জনগণকে অপমান করার এইরকম চেষ্টা করেনি বলেও উল্লেখ্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সংযোজন, "ইতিহাস সাক্ষী থাকবে কীভাবে দিল্লির ষড়যন্ত্রমূলক শাসনের বিরুদ্ধে বাংলা গর্জে উঠবে এবং তাদের বিসর্জন নিশ্চিত করবে।"