রাবিয়া বেগম, বহরমপুরঃ পরিত্যক্ত গাড়ির মধ্যে ঢুকে খেলা করার সময় ভিতর থেকে দরজা বন্ধ হয়ে গেলে গাড়ির মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হল ২ শিশুর। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে অন্য একজন। শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিপরপাড়া থানার তালতলাপাড়া গ্রামে। মৃত দুই বালকের নাম ইসমাইল সেখ (৭) ও ইসরাইল সেখ (৬)। অসুস্থ হয়ে পড়া বালকের নাম আসিফ সেখ (৫)। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তিন বালক একই পরিবারের।
তিনজনের বাবারা তিন ভাই। তালতলা পাড়ায় একই বাড়িতে তিন পরিবার বাস করে।আরও পড়ুন:
মৃত ইসমাইল সেখের বাবা মইনদ্দিন সেখ জানিয়েছেন, আজ শুক্রবার জুম্মার নামাযের সময় তিনজন বাড়ির বাইরে রাস্তায় খেলা করছিল। আমি মসজিদে নামাযে চলে যাই। প্রতিবেশি ফিরোজ খানের পরিত্যক্ত একটি প্রাইভেট কার 'ইন্ডিকা’ মাস দুয়েক থেকে রাস্তার ধারে পড়ে আছে। তিনজন বালক খেলার সময় গাড়ির দরজা খুলে গাড়ির ভিতরে ঢুকে পড়ে। সেসময়ই কোনওভাবে ভিতর থেকে গেট বন্ধ হয়ে যায়।
দমবন্ধ হয়ে দু’জন গাড়ির ভিতরেই মারা যায়। একজন জীবিত ছিল। তাকে উদ্ধার করে বহরমপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ভাগ্য আমাদের। জুম্মার নামায শেষ করে বাড়ি ফিরে দেখি ছেলেরা বাড়িতে কেউ নেই। রাস্তার পাশেও নেই। তাহলে কোথায় গেল? খোঁজাখুজি শুরু করি। আধঘণ্টা পর পরিত্যক্ত গাড়ির গেটের কাঁচ ভেঙে দেখি তিন বালক অচৈতন্য হয়ে পড়ে আছে। তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একজনকে বহরমপুর পাঠায়।’আরও পড়ুন:
অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, ইউডি কেস করে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া পুলিশ। গাড়িটি তদন্তের জন্য আটক করা হয়েছে। গাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করা হবে।