বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে স্বাক্ষর জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, দুর্নীতি ও নানা অভিযোগে জর্জরিত এই দলকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা উচিত।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “পুরো পার্টিটাই জালি। আর কী আশা করা যায়? মুষল পর্ব শুরু হয়েছে।

যত তাড়াতাড়ি দলটা উঠে যায়, বাংলার পক্ষে ততই মঙ্গল।” তাঁর আরও অভিযোগ, বিভিন্ন অপকর্মের জন্য তৃণমূলের দলীয় প্রতীকও বাতিল করা উচিত। এমনকি তিনি তৃণমূলকে একটি জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করে বলেন, “ওরা জঙ্গি সংগঠনের মতো কাজ করে।”

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন কটাক্ষ করেন দিলীপ। তাঁর অভিযোগ, দলের মধ্যে অনৈতিক রাজনীতির সংস্কৃতি তৈরি হয়েছে এবং তার ফল এখন তৃণমূলকেই ভোগ করতে হচ্ছে।

শনিবার সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার ঘটনাতেও মন্তব্য করেন তিনি। অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়ার প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, “ডিমের সংকট চলছে। ডিম নষ্ট না করে খাওয়া উচিত।” তাঁর এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, বিরোধী দলনেতা নির্বাচনের নথিতে স্বাক্ষর জাল করার অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিআইডি। এই পরিস্থিতিতে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে।