পুবের কলম ওয়েব ডেস্কঃ  ক্রিকেটে ‘হেলিকপ্টার শট’- এর আবিষ্কার করেন মহেন্দ্র সিং ধোনি। তবে এই মতের বিপক্ষে মত পোষণ করলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা তথা একদা ধোনির সতীর্থ বীরেন্দ্র সেহওয়াগ। তাঁর মতে, ধোনি নন হেলিকপ্টার শটের জনক হলেন মুহাম্মদ আজহারউদ্দিন। 

একটি অনুষ্ঠানে সেহওয়াগ পালটা প্রশ্ন করেন, ‘কে বলেছে ধোনি প্রথম হেলিকপ্টার শট মেরেছে? আমি এমন একটা নাম বলব, চমকে যাবেন।

ভারতীয় ক্রিকেটে প্রথম বার হেলিকপ্টার শট মেরেছেন মুহাম্মদ আজহারউদ্দিন। কেউ হেলিকপ্টার শট মারলেই ধোনি ভক্তরা ওর নাম কেন টেনে আনে আমি জানি না।’ এ দিকে বীরুর এই মন্তব্যের পরেই সামাজিক মাধ্যমে আজহারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন পেসারের বলে হেলিকপ্টার শট মারছেন আজহার। 

সেহওয়াগ আরও বলেন, ‘২০০৩ বিশ্বকাপে আমি ওয়াকার ইউনিসের বলে ‘আপার-কাট’ শট মেরেছিলাম।

তার আগেই শচীন ওই শট মেরেছিল। তা হলে আমি কী বলব, আমি প্রথম আপার-কাট মেরেছি? কখনোই না।’

সেহওয়াগের মন্তব্যের পরেই অবশ্য আসরে নেমে পড়েছেন ধোনি ভক্তরা। তাদের বক্তব্য, ধোনিকে হিংসে করেন, তাই সেহওয়াগ এমন ধরণের মন্তব্য করেছেন।