পুবের কলম, ওয়েবডেস্ক: গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় বিভিন্ন সংস্থার তৈরি মোট ৪৫টি ওষুধের নির্দিষ্ট ব্যাচ বাতিল ঘোষণা করল রাজ্যের স্বাস্থ্য দফতর। সংশ্লিষ্ট ব্যাচ নম্বর-সহ পূর্ণ তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় রাজ্যের পাঁচটি সংস্থার তৈরি ওষুধও রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে আবারও উঠে এসেছে ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর নাম।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে এই ৪৫টি ওষুধের নমুনা সংগ্রহ করা হয়। পরে সেগুলি কলকাতা এবং ভিন্রাজ্যের বিভিন্ন অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ব্যর্থ হওয়া ব্যাচগুলিকে অবিলম্বে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাজারে থাকা ওষুধ দ্রুত তুলে নেওয়ার কথাও জানানো হয়েছে। তালিকা অনুযায়ী, উত্তর দিনাজপুরের চোপড়ায় অবস্থিত ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর তৈরি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের ০৩বি৩৯১১ নম্বর ব্যাচ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। ওই নমুনাটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল অসমের গুয়াহাটির একটি ল্যাবরেটরিতে। উল্লেখ্য, গত বছর এই সংস্থার রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ঘিরেই বিতর্ক তৈরি হয়েছিল এবং তখনই রাজ্য সরকার হাসপাতালগুলিতে এর ব্যবহার বন্ধের নির্দেশ দেয়।
এ ছাড়া রাজ্যের আরও চারটি সংস্থার তৈরি ওষুধও পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়ার উলুবেড়িয়ার ‘লাইফ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড’-এর ক্রোমোস্ট্যাট ইঞ্জেকশন, হাওড়ার জগাছার ‘ডায়মন্ড ড্রাগস’-এর ড্রায়েড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল, কলকাতার ‘সানি ইন্ডাস্ট্রিজ়’-এর পটাশিয়াম ক্লোরাইড এবং ‘ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর তৈরি ওরাল রিহাইড্রেশন সল্টস (ওআরএস)। এই চারটি ওষুধের নমুনাই কলকাতার ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছিল। স্বাস্থ্য দফতরের প্রকাশিত তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড-সহ একাধিক রাজ্যের সংস্থার তৈরি ওষুধ রয়েছে। এর মধ্যে অ্যান্টিবায়োটিক, কাশির সিরাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধও অন্তর্ভুক্ত। স্বাস্থ্য দফতর এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে, গুণমান পরীক্ষায় ব্যর্থ এসব ব্যাচের ওষুধ কোনও অবস্থাতেই ব্যবহার করা যাবে না এবং রোগীর নিরাপত্তার স্বার্থে দ্রুত বাজার থেকে সেগুলি প্রত্যাহার করতে হবে।






























