পুবের কলম,ওয়েবডেস্ক: কুয়েতের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, বৃহস্পতিবার পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে মসজিদে বোমা মেরে ২৬ জনকে হত্যার অভিযোগ রয়েছে। প্রসিকিউশনের বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫জনের মধ্যে একজন মসজিদে হামলাকারী, ৩জন খুনের দায়ে দোষী সাব্যস্ত এবং একজন মাদক ব্যবসায়ী। সাজাপ্রাপ্তদের মধ্যে একজন মিশরীয়, একজন কুয়েতি ও মাদক ব্যবসায়ী ব্যক্তি শ্রীলঙ্কার নাগরিক।
বিবৃতিতে মসজিদে হামলাকারী বা হত্যাকারী তৃতীয় ব্যক্তির জাতীয়তা সম্পর্কে কিছু বলা হয়নি। বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে মসজিদে হামলাকারীর নাম আবদুর রহমান সাবাহ। এই আইএস সন্ত্রাসীর বিরুদ্ধে ২০১৫ সালে কুয়েতের রাজধানীতে আল ইমামুস সাদিক নামের একটি শিয়া মসজিদে বোমা হামলার অভিযোগ ওঠে। জুমার নামাযের সময় চালানো ওই বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এটি ছিল কুয়েতের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। মনে করা হয়, কুয়েতের শিয়া-সুন্নি সংঘাত লাগানোর জন্যই ওই আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। তবে হামলাকারীদের উদ্দেশ্য পূরণ হয়নি। বরং সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের পক্ষ থেকেই এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছিল।
শেষ আপডেট:
২৮ জুলাই ২০২৩, ১৪:৫৩