পুবের কলম প্রতিবেদকঃ একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়ার ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠক হয় মঙ্গলবার। জানা গিয়েছে, রাজ্যের সচিব পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এদিন বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের সচিবরাও।
আরও পড়ুন:
এর আগে, একশো দিনের কাজের ইস্যুতে বাংলার ক্ষেত্রে কেন্দ্র সরকার কিছু ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছিল। প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে ওই বিষয়গুলি নিয়ে রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সেই সম্পর্কে জানিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তুলে ধরা হয়েছে রাজ্যের তরফে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, একশো দিনের কাজের টাকার ইস্যুতে কেন্দ্র সরকারের থেকে বকেয়ার কারণে, রাজ্যের সাধারণ গরিব মানুষরা সমস্যায় পড়ছেন, একথা বার বার বলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, রাজ্যের শাসক দলের প্রথম সারির প্রায় সমস্ত নেতারা এই বিষয় নিয়ে সরব হয়েছেন।
আরও পড়ুন:
সূত্রের খবর, সাধারণ মানুষ কীভাবে ‘বঞ্চিত’ হচ্ছেন, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক রিপোর্টও তুলে ধরা হয়েছে বৈঠকে। জানা গিয়েছে, বৈঠক শেষে আজই কলকাতায় ফিরছেন রাজ্য সরকারের সচিব স্তরের প্রতিনিধিরা। বাংলায় ফেরার পর কেন্দ্রের সঙ্গে এই বৈঠকের নির্যাস সম্পর্কে তাঁরা একটি রিপোর্ট জমা দেবেন মুখ্যমন্ত্রীর কাছে।