আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারী বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। গত তিন দিনে প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) শনিবার এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র খবরে জানানো হয়, বুধবার থেকে শুক্রবারের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে, যেখানে তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে ভারী তুষারপাত ও বৃষ্টি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

এএনডিএমএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানায়, প্রাথমিক হিসাব অনুযায়ী এই দুর্যোগে আরও অন্তত ১১০ জন আহত হয়েছেন। পাশাপাশি ৪৫৮টি বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এতে করে ৩৬০টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক ভিডিও বার্তায় সংস্থার মুখপাত্র বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহু সড়ক তুষারে ঢেকে গেছে। তিনি জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং সতর্ক থাকার আহ্বান জানান। উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।