পুবের কলম, ওয়েব ডেস্ক: বিহারে বিরোধীদের ভোটাধিকার যাত্রায় এবার যোগ দিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। কংগ্রেসের নেতা কে বেণুগোপাল তাঁর এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, বিজেপি দেশের গণতন্ত্র ধ্বংসের যে চেষ্টা করছে তার প্রতিবাদে যে আন্দোলন চলছে তাতে অখিলেশ যাদব আমাদের মিত্র।
অখিলেশ উত্তরপ্রদেশ এবং সারা দেশের গরিব এবং হতদরিদ্র মানুষজনের জন্য কাজ করে চলেছেন। শনিবার অখিলেশ সারনে ভোটাধিকার যাত্রায় যোগ দেন। বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব, লালু যাদবের কন্যা রোহিনী আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। গত লোকসভা ভোটে রোহিনী সারন কেন্দ্রে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
শনিবার এসইউভিতে চড়ে অখিলেশ হাত নাড়াচ্ছিলেন। উপস্থিত যুবক এবং পথের পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মধ্যে প্রচুর উৎসাহ লক্ষ্য করা যায়। সত্যিই এই ভোটাধিকার যাত্রা বিহারের শাসক বিজেপি-জেডিইউ জোটকে চিন্তায় ফেলে দিয়েছে। এই কারণেই প্রায় প্রতিদিন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নতুন নতুন প্রকল্পের কথা ঘোষণা করে মানুষকে পক্ষে টানার চেষ্টা করছেন।
১৭ আগস্ট সাসারামে শুরু হওয়া এই ভোটাধিকার যাত্রা আর একদিন বিভিন্ন পথ পরিক্রমা করে ১ সেপ্টেম্বর পাটনায় ঢুকবে। পাটনার বিভিন্ন পথ ঘুরে বিকেলে গান্ধী ময়দানে জনসভা হবে। সেখানে ইন্ডিয়া ব্লকের দলগুলির নেতারা উপস্থিত থাকবেন মঞ্চে।
তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং ললিতেশ ত্রিপাঠী দলের তরফে সেদিন উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী স্টালিন, রাহুল গান্ধী সহ অনেক নামাদামি নেতারা উপস্থিত থাকবেন।





























