কিবরিয়া আনসারী: নিজের নির্বাচনী কেন্দ্রে প্রথম পা রাখলেন কিংবদন্তি ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুরের পা রেখেই জনস্রোতে ভাসলেন তৃণমূল প্রার্থী। বিগ্রেডের ময়দান থেকে প্রার্থী ঘোষণার পর এই প্রথম অধীর গড়ে পা দিলেন পাঠান। দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হন তিনি।
পাল্টা হাত নাড়িয়ে কর্মীদের শুভেচ্ছা জানান পাঠান। এদিন তৃণমূল প্রার্থী সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা।আরও পড়ুন:
প্রসঙ্গত, খেলার ময়দান থেকে রাজনীতির ময়দানে পা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। লোকসভা নির্বাচনেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।
একদা 'অধীর গড়' হিসেবে পরিচিতি বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার। তৃণমূলের প্রার্থী হওয়ার পরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন ইউসুফ পাঠান। তিনি বলেছিলেন, "আমি প্রায় ১২ বছর ধরে দিদিকে চিনি। অভিষেকের সঙ্গে সদ্য আলাপ হয়েছে। আমাকে তৃণমূলের প্রার্থী করায় কৃতজ্ঞ।"আরও পড়ুন:
এদিন তৃণমূলের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে ইউসুফ পাঠানের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'বহরমপুরের রাস্তাঘাট কানায় কানায় ভরে গেছে! আমাদের লোকসভার প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠানকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। পরিবেশটি অসাধারণ।' মা, মাটি, মানুষের আর্শিবাদ নিয়ে সে কাজে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত! তাঁর আগমন একটি নতুন যুগের সূচনা করবে বলেও জানিয়েছে তৃণমূল কংগ্রেস।