রাজস্থানের টঙ্ক এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠান ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, মুসলিম পরিচয় জানার পর কয়েকজন মহিলার কাছ থেকে কম্বল ফিরিয়ে নিতে বলেন বিজেপির প্রাক্তন সাংসদ সুখবীর সিং জৌনাপুরিয়া। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে কম্বল বিতরণ করছেন ওই নেতা। এক মহিলার হাতে কম্বল দেওয়ার পর তাঁর নাম জানতে চান তিনি। নাম শুনে মুসলিম বলে বুঝতে পারার পর এক কর্মীকে কম্বলটি ফেরত নিতে নির্দেশ দেন বলে অভিযোগ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সমালোচনা করেন, তাঁদের এই সুবিধা নেওয়ার অধিকার নেই।
এ ঘটনায় স্থানীয়দের একাংশ প্রতিবাদ জানালেও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি। তাঁর দাবি, ব্যক্তিগত অর্থে কম্বল কেনা হয়েছিল, তাই কাকে দেবেন তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
ঘটনাটির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত। তিনি সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে অভিযোগ করেন, ধর্মের ভিত্তিতে অপমানজনক আচরণ করা হয়েছে এবং এর নিন্দা হওয়া উচিত।
এদিকে বিষয়টি সামনে আসার পর ভারতীয় জনতা পার্টি-র প্রাক্তন এই নেতার মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সমর্থক ও বিরোধী—দুই পক্ষেরই তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।





























