পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের অন্যতম কর্তা ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারির পর এবার বুথ এজেন্টদেরও নিশানা করা হতে পারে বলে আশঙ্কা তাঁর। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক নির্বাচনী সভা থেকে এই মন্তব্য করেন তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে।
এই প্রসঙ্গে তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “নোংরা খেলা খেলে লাভ হবে না, মানুষই জবাব দেবে।” পাশাপাশি নির্বাচন পরিচালনাকারী সংস্থার ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আইপ্যাক কর্তার গ্রেপ্তারির ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের ঠিক আগে এই ধরনের পদক্ষেপ পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
একই ইস্যুতে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, বিরোধী শিবিরে থাকলেই কেন্দ্রীয় সংস্থার নিশানায় পড়তে হচ্ছে।