পুবের কলম, ওয়েবডেস্ক: বরিস জনসনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সাড়া ফেলে দিয়েছিলেন ঋষি সুনাক। পরে তিনি নামেন প্রধানমন্ত্রিত্বের দৌড়ে। তাতেও ভালো এগিয়েছিলেন। কিন্তু শেষ প্রান্তে এসে হিসাব-নিকেশ খানিক বদলে যাচ্ছে।
এখন ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, সেটাই দেখার। বরিস জনসনের উত্তরসূরি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছেন লিজ ট্রাস। ফলাফল ঘোষণার সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তাঁর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে। শুক্রবার বেটিং কোম্পানি এসমার্কেটসের তথ্যের ভিত্তিতে এ কথা জানা গিয়েছে।আরও পড়ুন:
কনজারভেটিভ দলের প্রধান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য ছয় সপ্তাহব্যাপী উত্তেজনাপূর্ণ এক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন ব্রিটিশ বিদেশমন্ত্রী লিজ ট্রাস ও প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক। বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে চূড়ান্ত ধাপে ১ লক্ষ ৭৫ হাজার কনজারভেটিভ পার্টির তথা টরি সদস্যের মন জেতার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। আগামী ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এর ফলাফল। অর্থাৎ সেদিনই জানা যাবে, কে হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
এসমার্কেটস বলছে, ঋষি সুনাকের জেতার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। বেটিং কোম্পানিটির রাজনৈতিক বাজার বিভাগের প্রধান ম্যাথিউ শ্যাডিক বলেন, শুরুতে প্রতিযোগিতা যখন দু’জনের মধ্যে নেমে আসে, তখন ফেভারিট হিসেবে ট্রাসকে ৬০-৪০ রেটিং দেওয়া হয়েছিল। তিনি বলেন, অনেকেই ভবিষ্যদ্বাণী করছিলেন, ঋষি সুনাক ভালো প্রচারক হবেন। তবে বিতর্ক অনুষ্ঠানে ট্রাসের পারফরম্যান্স সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ক্ষমতা এলে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস। ৫০৭ টরি সদস্যের ওপর চালানো এক সমীক্ষা বলছে, গত সপ্তাহে টেলিভিশন বিতর্কে তিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী পারফরমার। অন্যান্য বেটিং সাইটগুলোতেও ঋষির তুলনায় অনেক এগিয়ে লিজ ট্রাস।
আরও পড়ুন: