কলকাতা পুলিশকে অন্ধকারে রেখে শেক্সপিয়ার সরণি এলাকার হোটেল থেকে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তেলেঙ্গানা পুলিশের বিরুদ্ধে। জানা গেছে, হাওড়ার ওই ব্যবসায়ীর নাম যশবিন্দর সিং। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অপহরণের অভিযোগ জমা পড়ে শেক্সপিয়ার সরণি থানায়। সেই মামলায় তেলেঙ্গানা পুলিশকে নোটিস পাঠিয়েছে লালবাজার।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে পাওয়া খবর, বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছিল ক্যামাক স্ট্রিটের একটি হোটেলে।
এ দিন যশবিন্দর কয়েকজন বন্ধুকে নিয়ে সেই হোটেলের একটি ঘর ভাড়া নেন। তার কিছুক্ষণ পরই তেলেঙ্গানা পুলিশের গোলকোণ্ডা থানার আধিকারিকের পরিচয় দিয়ে কেউ বা কারা তাঁকে তুলে নিয়ে যায়। ব্যবসায়ীর সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর ফোন বন্ধ অবস্থায় পায় পরিবার। এরপরেই থানায় অপহরণের অভিযোগ দায়ের করে যশবিন্দরের পরিবারের পক্ষ থেকে।আরও পড়ুন:
অন্য রাজ্য থেকে এসে গ্রেফতারির ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে।
এক্ষেত্রে তাও মানা হয়নি। তবে ওই ব্যবসায়ীকে যে তেলেঙ্গানা পুলিশের গোলকোণ্ডা থানার আধিকারিকরা নিয়ে গিয়েছে, প্রাথমিক তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত লালবাজার। এটুকু বাদে আর কোনও তথ্যই জানায়নি গোলকোণ্ডা থানা।আরও পড়ুন:
কিন্তু স্থানীয় থানাকে না জানিয়েই কেন এবং কোন অভিযোগের ভিত্তিতে তারা এই পদক্ষেপ নিল, ই-মেল মারফত তা জানতে চেয়েছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, যশবিন্দরকে তুলে নিয়ে যাওয়ার চব্বিশ ঘণ্টা পরেও তাঁকে সেখানকার আদালতে পেশ করা হয়নি। পাশাপাশি, ব্যবসায়ীকে নিয়ে যেতে সেখান থেকে কতজন আধিকারিক এসেছিলেন, হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোন গাড়ি ব্যবহার করা হয়, সেগুলোও জানতে চাওয়া হয়েছে ই-মেলে।