পুবের কলম প্রতিবেদক: সামনেই বড়দিন। তার আগে কলকাতার পার্ক স্ট্রিট, অ্যালেন স্ট্রিট সহ আরও বেশ কিছু জায়গায় দেখা যায় ফুটপাতের ওপরেই কেক, ক্রিসমাসের হরেক সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন হকাররা। এভাবে ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা করার অভিযোগ শুনে যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কারণ তিনি নিজেও হাঁটতে গিয়ে সমস্যায় পড়েন রাস্তায়। তাই, এবার ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা করা রুখতে দোকান মালিকদের বা হকারদের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। নিয়ম অনুযায়ী, দোকান মালিককে প্রথম এনতিশ দেওয়া হবে। এরপরও, নিয়ম না মানলে প্রত্যেকদিন নেওয়া হবে ৫০০টাকা জরিমানা।
আরও পড়ুন:
আর হাতে গুনে চার দিন পরেই রাজ্যজুড়ে পালিত হবে যিশু খ্রীস্টের জন্মদিন অর্থাৎ, বড়দিন।
যদিও, শীতের আমেজ পড়তে না পড়তেই আমোদপ্রিয় বাঙালির মনে জেগে উঠেছে উৎসবের আমেজ। একদিকে যেমন বিক্রি হচ্ছে কেক-পেস্ট্রি, অন্যদিকে বিক্রি হচ্ছে ক্রিসমাসের হরেক সাজ-সজ্জা। ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রিট, অ্যালেন স্ট্রিটের মত জনপ্রিয় রাস্তার ফুটপাতগুলির অনেকটাই জায়গা জুড়ে পসরা সাজিয়েছেন দোকানদাররা।আরও পড়ুন:
আর ওই পসরা কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। যার ফলে, ফুটপাতগুলিতে হাঁটার জায়গা কমে এসেছে। হাঁটতে গিয়ে অনেক ক্ষেত্রেই ধাক্কা খাচ্ছে পথচলতি মানুষ। অনেক জায়গায়, বড় বড় দোকানের বাইরেও রাখা হচ্ছে কেক–পেস্ট্রি এবং অন্যান্য জিনিসপত্র। এই অভিযোগ পাওয়ার পর এবার জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।
দোকানের জায়গা ছেড়ে বাড়তি জায়গা নিয়ে ব্যবসা করলেই নেওয়া হবে জরিমানা। রাস্তা আটকে কেকের পসরা বসানো যাবে না। এই নির্দেশ জারি করেছে কলকাতা পুরসভা। তবে শুধু নির্দেশিকা জারি করেই থেমে থাকেননি কলকাতা পুরসভার অফিসাররা। জোরদার তল্লাশি শুরু হয়েছে শহরের রাজপথে। ধরা পড়লেই কড়কড়ে ৫০০ টাকার জরিমানা দিতে হবে। এরপরেও, যদি কেউ পসরা সাজিয়ে বসে তাহলে প্রতিদিন তাঁকে ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। অর্থাৎ, মাসে মোট জরিমানার টাকার পরিমাণ দাঁড়াচ্ছে ১৫ হাজার।আরও পড়ুন:
পুরসভার এই নোটিশ প্রসঙ্গে, মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন (ববি) বলেন, ‘নিয়ম অনুযায়ী যতটুকু দোকান তার মধ্যেই ব্যবসা করতে হবে। দোকানের বাইরে রাস্তা আটকে টেবিল রেখে কেকের পসরা সাজিয়ে ব্যবসা করা যাবে না। পথে হাঁটতে পারবেন না মানুষজন, এটা হতে পারে না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।’
আরও পড়ুন:
তিনি আরো বলেন, এই কাজ করলে দোকান মালিককে প্রথমে নোটিশ দেওয়া হবে। তারপরও, কলকাতা পুরসভার নিয়ম না মানলে ৫০০ টাকা করে প্রত্যেকদিন জরিমানা করা হবে। খাদ্যভবনের সামনে যেভাবে ফুটপাত দখল করে ব্যবসা করা হচ্ছে তা দেখে ক্ষোভপ্রকাশ করেন মেয়র। এরপরই কলকাতা পুরসভার বাজার বিভাগের অফিসারদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।