পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—রাজ্যের নাম ‘কেরালা’ থেকে বদলে ‘কেরলম’ করার প্রস্তাবে সম্মতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন পিএমও ভবন সেবা তীর্থে অনুষ্ঠিত বৈঠকেই এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০২৩ সালের অগস্টে কেরালা বিধানসভা প্রথমবার রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাশ করেছিল। পরে কেন্দ্রের কিছু পর্যবেক্ষণের ভিত্তিতে সংশোধন এনে ২০২৪ সালের ২৫ জুন দ্বিতীয়বারও একই প্রস্তাব গৃহীত হয়।
প্রস্তাবটি এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর বক্তব্য ছিল, মালায়ালম ভাষায় রাজ্যের প্রকৃত নাম ‘কেরলম’, যা রাজ্যের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই মালয়ালি জনগোষ্ঠীর মধ্যে ‘অখণ্ড কেরলম’-এর ধারণা ছিল—সেই ঐতিহ্যকেই স্বীকৃতি দিতেই এই উদ্যোগ।
সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নাম পরিবর্তনের প্রক্রিয়া এগিয়ে নিতে কেন্দ্রের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনপূর্ব এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। কেন্দ্রীয় সরকার স্থানীয় ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের বার্তা হিসেবে বিষয়টি তুলে ধরতে পারে।































