পুবের কলম ওয়েব ডেস্কঃ একটা সময় বঙ্গ বিজেপিতে গুরুত্ব কমে গিয়েছিল দিলীপ ঘোষের। বিশেষ করে বিয়ের পরেই দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। সেই দিলীপ ঘোষই খড়্গপুর সদর আসন থেকে জয়ী হয়ে আজ রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আর মন্ত্রী হওয়ার পরেই দিলীপ জায়া রিঙ্কু মজুমদারকে "ম্যাডাম মিনিস্টার" বলে সম্বোধন করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর মুখে এমন ডাক শুনে বেজায় আপ্লুত রিঙ্কু। তাঁর কথায়, এতদিনে বদনাম ঘুচল। 

রিঙ্কু জানান, আজ ব্রিগেডের ময়দানে শপথ গ্রহনের পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান রিঙ্কু। তখনই মুখ্যমন্ত্রী রিঙ্কুকে ম্যডাম মিনিস্টার বলে সম্বোধন করেন।

উল্লেখ্য, আজ মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে খোদ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারী ছাড়াও এদিন শপথ নেন দিলীপ ঘোষ সহ ৫ জন মন্ত্রী। স্বামীর শপথ অনুষ্ঠান দেখতে সেখানে উপস্থিত ছিলেন রিঙ্কু।
 

শপথ অনুষ্ঠানের পর তিনি জানান, বিয়ের পর থেকেই তাঁকে অনেক কথা শুনতে হয়েছে। কখনও তাঁকে শুনতে হয়েছে তিনি তৃণমূল থেকে এসেছেন আবার কখনও শুনতে হয়েছে তিনি অন্য লবি থেকে এসেছেন। তাঁর কথায়, দিলীপের রাজনৈতিক কেরিয়ার খারাপ হয়ে যাওয়ার জন্য তাঁকে বেশি কথা শুনতে হয়েছে। অনেকে আবার সোশ্যাল মিডিয়াতেও কটুক্তি করেছে। এদিন দিলীপের শপথ গ্রহণের পরেই সেই বদনাম ঘুচল বলে জানান রিঙ্কু। তাঁর কথায়, দিলীপ শুভেন্দু জুটির কারনেই বঙ্গে এত ভালো ফল করতে পেরেছে বিজেপি। আগামী দিনে তাঁরা বাংলার উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলে আশাবাদী রিঙ্কু।