পুবের কলম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার হাওড়ার বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও মিশনে এক সৌজন্য সফরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঠ প্রাঙ্গণে পৌঁছে তিনি শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, জগজ্জননী মা সারদা এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রীর এই বেলুড় মঠ সফরকে কেন্দ্র করে আজ মঠ চত্বরে আধ্যাত্মিক আবহ তৈরি হয়।
আরও পড়ুন:
মঠে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজী মহারাজ এবং সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজী মহারাজের সঙ্গে একটি বিশেষ সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।
উপস্থিত এই দুই শীর্ষ মহারাজের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্ত আলাপের পর তিনি তাঁদের কাছ থেকে পবিত্র আশীর্বাদ গ্রহণ করেন। এই আধ্যাত্মিক সফর ও মহারাজদের সান্নিধ্য লাভ প্রসঙ্গে গভীর আবেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজী মহারাজ এবং সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজী মহারাজের সান্নিধ্য এবং আশীর্বাদ লাভ করতে পেরে তিনি অত্যন্ত সৌভাগ্যবান ও ধন্য বোধ করছেন। তিনি মনে করেন, এই আশীর্বাদ আগামী দিনে তাঁর জনসেবামূলক কাজে আত্মিক বল জোগাবে।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর এই মঠ সফর এবং সাধু-সন্ন্যাসীদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণের ঘটনাটি রাজনৈতিক ও সামাজিক মহলে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংক্ষিপ্ত সফর শেষে মঠের ঐতিহ্যবাহী পরিবেশ ও মহারাজদের সান্নিধ্যের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি নবান্নে ফিরেন।