পুবের কলম প্রতিবেদক: সংগীতশিল্পী এবং প্রাক্তন সাংসদ কবীর সুমনকে দেখতে বৃহস্পতিবার বিকালে হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে কবীর সুমনের সঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী কথা বলেন। তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। শিল্পীর শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এ দিন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
কবীর সুমনের সঙ্গে মুখ্যমন্ত্রীর অন্য কথাও হয়েছে এ দিন। মুখ্যমন্ত্রী জানান, কবীর সুমনের সঙ্গে যেখানেই দেখা হোক, গান নিয়ে কথা হয়।
এ দিনও হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে এ দিন চকোলেট খাওয়ার আবদার করেন কবীর সুমন। প্রাক্তন সাংসদের এই আবদার পূরণও করেছেন মুখ্যমন্ত্রী। তবে, ডায়াবেটিস রয়েছে, তাই কবীর সুমনকে চকোলেট বাদ দিয়ে বিস্কুটের অংশটা খাওয়ার অনুমতি চিকিৎসকরা দিয়েছেন বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
গত সোমবার থেকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে কবীর সুমনের। বৃহস্পতিবার সঙ্গীতশিল্পীকে দেখে হাসপাতাল থেকে ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।
কবীর সুমন কেমন আছেন, জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী জানান, আগের থেকে ভালো আছেন। কথা বলেছেন। বাড়ি যাব, বাড়ি যাব করছেন। কিন্তু কবীর সুমনকে মুখ্যমন্ত্রী বলেছেন, এখন বাড়ি যাওয়া যাবে না। এখনও ১০ দিন থাকতে হবে। শিল্পীকে সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী জানান, 'আমায় দেখে জয় বাংলা বলেন, আমিও জয় বাংলা বলি। অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে, তবে এখনও শ্বাসকষ্ট আছে।’আরও পড়ুন:
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে সঙ্কট কাটিয়ে উঠছেন ৭৪ বছর বয়সি গায়ক, গীতিকার, সুরকার কবীর সুমন। তাঁর জন্য জন্য এখন সব সময় আর অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়ছে না। ফুসফুসে সংক্রমণের পাশাপাশি তাঁর হার্টের সমস্যা রয়েছে। তবে তিনি এখন বসতে পারছেন, মাঝে মধ্যে হাঁটাচলা করছেন, স্বাভাবিক খাবারও খাচ্ছেন। তবে, কবীর সুমনকে এখনও কয়েক দিন হাসপাতালে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।