পুবের কলম প্রতিবেদকঃ বর্ষায় প্রতি বছর কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমে। কোনও কোনও জায়গায় সেই জল নামতে কয়েক ঘন্টার বদলে দিন গড়িয়ে যায়। ভারী বৃষ্টির সময় শহরের কোনও কোনও জায়গায় এক হাঁটু জলও জমে। যদিও, প্রতিবারই কলকাতা পুরসভার তৎপরতায় সেই জমা জলের থেকে অল্প সময়েই রেহাই পেয়ে থাকেন কলকাতার বাসিন্দারা।
তবে, এবার কলকাতার নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরনিগম।আরও পড়ুন:
বৃষ্টিতে বা জোয়ারে উঠে আসা জল নামানোর জন্য এবং শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য কলকাতা পুরনিগম মাটির নীচে সুড়ঙ্গ পথ বা টানেল তৈরি করতে চাইছে কেএমসি। এই প্রকল্পের জন্য বেশ বড় অঙ্কের অর্থের প্রয়োজন। সেই লক্ষ্যেই এবার বাজারে ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন:
কলকাতা পুরসভা সূত্রে খবর, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এ জে সি বোস রোড, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড, আলিপুর রোড, গড়িয়াহাট রোড সহ মোট ৩৪টি রাস্তার নীচে টানেল তৈরি করতে চাইছে কলকাতা পুরসভার কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, কলকাতার নিকাশি ব্যবস্থাকে উন্নত করার জন্যই এই টানেল নির্মাণ করতে চাইছে কেএমসি।
আরও পড়ুন:
তাই, বাজারে ৫০০ কোটি টাকার আর্থিক বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের সম্মতি প্রয়োজন। যদিও পুর আধিকারিকদের মতে, এই সম্মতি পাওয়া খুব একটা অসুবিধাজনক হবে না। কারণ, পুরসভা এর আগে, ২০০২ সালে বন্ড ছেড়ে ৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল এবং সেই ঋণ সুদে-আসলে শোধও করে দিয়েছিল।