পুবের কলম, ওয়েবডেস্কঃ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বক্তব্য-বিতর্কে সে-দেশের রাষ্ট্রদূতকে তলব করা নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনায় সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সিঙ্গাপুরের মতো বন্ধু দেশের রাষ্ট্রদূতকে তাদের নিজ সংসদে তাদেরই প্রধানমন্ত্রীর মন্তব্যের পরিপ্রক্ষিতে তলব করা অপ্রীতিকর বলে মনে করেন থারুর। কেন্দ্রকে বিঁধে তার কটাক্ষ আমাদের গায়ের চামড়া আরও পাতলা করা শিখতে হবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গাপুর সংসদে সে-দেশের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং সম্প্রতি বলেন, যে নেহরুর ভারত এখন এমন হয়ে উঠেছে যে মিডিয়া রিপোর্ট বলছে ভারতের লোকসভার প্রায় অর্ধেক সাংসদের বিরুদ্ধেই ধর্ষণ এবং খুনের অভিযোগ-সহ ফৌজদারি অভিযোগ রয়েছে। যদিও এটাও বলা হয় যে এই সব অভিযোগের বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আরও পড়ুন:
ভারত সম্পর্কে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পালটা পদক্ষেপ করতেও দেরি করেনি বিদেশ মন্ত্রক। ক্ষুব্ধ নয়াদিল্লি তড়িঘড়ি এ দেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূতকে তলব করে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দেয়, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর মন্তব্য অযাচিত। অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না।
বন্ধু দেশের বিরুদ্ধে কেন্দ্রের এমন পদক্ষেপের সমালোচনায় সরব শশী থারুর।
ট্যুইটে প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী লিখেছেন, বিদেশ মন্ত্রক সিঙ্গাপুরের মতো বন্ধু দেশকে তাদের নিজস্ব সংসদে তাদেরই প্রধানমন্ত্রীর কিছু মন্তব্যের জন্য তলব করল এটা সবচেয়ে অপ্রীতিকর। একটি বিবৃতি দিয়ে বিষয়টির মোকাবিলা করা উচিত ছিল। আমরা প্রধানমন্ত্রীর মন্তব্য শুনেছি। তবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বা বিদেশের সংসদে বিতর্কের বিষয়ে আমরা মন্তব্য করি না। সবাইকে একই নীতি অনুসরণ করার আহ্বান জানাই। এমন পদক্ষেপ গ্রহণ করা হলে বিষয়টি অনেক বেশি কার্যকর হত এবং কম আক্রমণাত্মক হত বলে মনে করছেন বিদগ্ধ শশী থারুর।