পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা অতিমারি কেড়ে নিল আরও এক সম্মুখসারির যোদ্ধার প্রাণ। প্রয়াত হলেন রাজ্যের স্বাস্থ্য-পরিবহণ দফতরের অন্যতম শীর্ষ আধিকারিক গৌতম চৌধুরী (৫৬)। শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে কলকাতার মেডিকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
গৌতম চৌধুরী গত কয়েকদিন ধরে এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করছিলেন।আরও পড়ুন:
রাজ্যে করোনা সংক্রমণের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাজ্যে ভ্যাকসিন কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং কখন তা এসে পৌঁছাবে, সেই পুরো প্রক্রিয়ার দক্ষ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন গৌতম চৌধুরী। প্রথম সারিতে দাঁড়িয়ে তিনি পুরো পরিস্থিতির নেতৃত্ব দিচ্ছিলেন।
মূলত ১০২ টি অ্যাম্বুলেন্স পরিষেবার পরিচালনার দায়িত্বও ছিল এই শিশু স্বাস্থ্য আধিকারিকের কাঁধে।কেন্দ্রীয় সরকারের পাঠানো ভ্যাকসিন বিমানবন্দর থেকে সংগ্রহ করা, তা বাগবাজারের সেন্ট্রাল হেলথ স্টোরে নিয়ে যাওয়া এবং সেখান থেকে সমগ্র রাজ্যে বিতরণের সার্বিক তত্ত্বাবধান করতেন গৌতম চৌধুরী। তিনি সিরাম ইন্সটিটিউট বা ভারত বায়োটেকের মতো টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতেন। ভিনরাজ্য থেকে ভ্যাকসিন আনা এবং তা সঠিকভাবে বণ্টনের ক্ষেত্রে গৌতম চৌধুরী যে কর্মদক্ষতা দেখিয়েছিলেন, তা ছিল অনবদ্য। রাজ্য সরকারের নিখরচায় অ্যাম্বুল্যান্স পরিষেবার দায়িত্ব সামলানো এই শীর্ষ আধিকারিকের প্রয়াণে স্বাস্থ্য দফতর এক দক্ষ কর্মীকে হারাল।