নয়াদিল্লি, ২৯ মে: 'আমি ইশ্বর প্রেরিত দূত' মন্তব্য নিয়ে নরেন্দ্র মোদিকে বিঁধলেন রাহুল গান্ধি। কটাক্ষের সুরে কংগ্রেস নেতা বলেন, ‘হ্যাঁ, ওঁকে ঈশ্বর পাঠিয়েছেন ঠিকই। কিন্তু গরিবদের ভালো করার জন্য নয়, শুধু বন্ধু আদানিকে সাহায্য করার জন্য।’ একইসঙ্গে রাহুল জানিয়েছেন, এ ভাবে আসলে নিজের অনাচার-এর দায় ঈশ্বরের ঘাড়ে ঠেলার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। মোদি সরকারের আমলে দেশের অর্থনীতি ‘বেহাল’ হয়েছে বলেও দাবি করেন রাহুল গান্ধি। তাঁর বক্তব্য, ‘ইন্ডিয়া ব্লক ক্ষমতায় এলে নয়া শিখর ছোঁবে দেশের অর্থনীতি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই কাজ করেন। অথচ ক্লান্তির চিহ্নমাত্র নেই তাঁর শরীরে। ৭৩ বছর বয়সে এসে কীভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তরে মোদি বলেন, জৈবিক প্রক্রিয়াতে নাকি তাঁর জন্মই হয়নি। তিনি ঈশ্বরের প্রেরিত দূত। ঈশ্বরের ইচ্ছাতেই তাঁর জন্ম, কাজও করেন তাঁরই দেওয়া বিশেষ ক্ষমতার বলে।

তিনি সাফ জানান, 'ঈশ্বর আমার জন্মদাতা'। জাতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে মোদি বলেন, মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি দিয়ে তিনিই পাঠিয়েছেন। ঈশ্বরই আমাকে কাজ করার সমর্থ, মন, প্রেরণা দিয়েছেন।
আমি কিছুই নয়, যা করছি সবটাই ঈশ্বরের আশীর্বাদ। আমি একটা যন্ত্র মাত্র। আমি মনে করি আমি যা করি তা ঈশ্বর আমাকে দিয়ে করায়।

মোদির 'আমি ঈশ্বরের দূত' মন্তব্য নিয়ে রাহুল গান্ধি বলেছেন, 'দেশের প্রধানমন্ত্রী বলছেন তিনি না কি জৈবিকভাবে জন্মগ্রহণ করেননি। দেশের সমস্ত মানুষ জৈবিকভাবে জন্মেছে কিন্তু, তিনি ঈশ্বরের দূত। একটি মিশনের জন্য না কি পরমাত্মা তাঁকে পাঠিয়েছেন। যদি কেউ আপনার কাছে এসে এমনটা বলেন, আপনি তো তাকে মনরোগ বিশেষজ্ঞের কাছেই পাঠাবেন।'