আরও পড়ুন:
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। হাদির মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ওই দেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-সহ বহু বিশিষ্ট ব্যক্তি সামাজিক মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছেন। বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শোক জানানো হয়েছে বলে ওই দেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।
আরও পড়ুন:
এর আগে বুধবার সিঙ্গাপুরে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। তিনি ফোনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হাদির সংকটাপন্ন অবস্থার কথা জানান। শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে ঢাকায় চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। হাদির মৃত্যুতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। ওইদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সব ধর্মীয় উপাসনালয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।