পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটের রাজ্যের শীর্ষস্তরের আধিকারিকদের পাশাপাশি অফিসারদের বদলি অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। বাংলায় নির্বাচনী বিধি কার্যকর হওয়ার পর থেকেই গত ১৫ দিনে রেকর্ড সংখ্যক আধিকারিকদের বদলি করা হয়েছে। এনিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। সোমবার নারায়ণগড়ের সভা থেকে এই রদবদল নিয়ে কমিশন এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল নেত্রী। 

রদবদল নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, "মানুষ যদি আপনাদের এত ভালোবাসে তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন? প্রশাসনে ভাগ করা হচ্ছে কেন?

প্রশাসনে এত ভাগাভাগি আগে ছিল না। যারা কাজ করত আমাদের সম্পদ। এরকম ভালো ভালো অফিসারদের সরিয়ে দিচ্ছে।" শুধু তাই নয়, ভিন রাজ্য থেকে আইএএস, আইপিএসদের আনা নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। তাঁর কটাক্ষ, "এত স্বৈরাচার-অনাচার আমি কখনও দেখিনি। আইএএস, আইপিএসকে ভাগাভাগি, রাজ্য পুলিশে ভাগাভাগি।
কে আরএসএস করে, কে বিজেপি করে, কে বিজেপির আত্মীয় তাই খুঁজছে। নিজেদের লোককে এনে ভাবছে তৃণমূলকে জব্দ করবে। ল্কিন্তু, তাতে কাজ হবে না। উলটে লোক তাদের একটাও ভোট দেবে না। বিজেপির চার্জশিট নিয়েও পাল্টা তোপ দাগেন মমতা। তিনি বলেন, "চার্জশিট তো মোদী আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত।
ওঁরা অশান্তি লাগিয়ে ক্ষমতায় এসেছেন। এত বজ্জাত, এত অত্যাচারী দল আমি দেখিনি।" উল্লেখ্য, এর আগেও অফিসারদের বদলি নিয়ে সরব হয়েছেন মমতা। তিনি আশঙ্কা করেছিলেন, অফিসারদের এভাবে বদলি করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। মমতার সেই আশঙ্কা সত্যি হয়েছিল রঘুনাথগঞ্জ বিধানসভার জঙ্গিপুরে। সেখানে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি ছড়িয়েছিল।