পুবের কলম,ওয়েবডেস্ক: দম্পতির চুম্বন সম্প্রচার। ক্ষমা চাইল ইরানি টিভি চ্যানেল। গত শুক্রবার এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বৃহস্পতিবারের দেশটির বিনোদনমূলক চ্যানেল  'নাসিম' একটি পার্কে একটি দম্পতিকে কয়েক সেকেন্ডের জন্য চুম্বন করতে দেখায়।
তারা আসলে একটি গোপন ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছিলেন। ক্যামেরাটি একটি প্র্যাংক শো রেকর্ড করার জন্য স্থাপন করা হয়েছিল।

ভিডিওতে ওই দম্পতিকে রাজধানী তেহরানের একটি পার্কের মধ্য দিয়ে প্রায় তিন সেকেন্ড হাঁটতে দেখা যায় এবং চুম্বন করতে দেখা যায়। পরে ‘দ্য ফোর ইনক্রেডিবলস’ নামের ওই অনুষ্ঠানের সেই অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শুক্রবার বার্তা সংস্থা ইসনা প্রকাশিত এক বিবৃতিতে চ্যানেলটি ‘প্রযোজনা দলের অবহেলার জন্য’ ক্ষমা চেয়েছে।

তারা বলেছে, চ্যানেল ‘তদন্তের পর অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ইসলামী প্রজাতন্ত্রের অফিসিয়াল টিভি নেটওয়ার্কে নারী ও পুরুষের সব ধরনের শারীরিক যোগাযোগ প্রদর্শন নিষিদ্ধ। ২০২১ সালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে একটি লাইভ সম্প্রচারের সময় দুই উপস্থাপক একে অপরকে জড়িয়ে ধরে বিতর্কের জন্ম দিয়ে ক্ষমা চেয়েছিলেন। ওই দুই উপস্থাপক স্বামী-স্ত্রী ছিলেন। তারা বলেছিলেন, তারা দুজন যে সম্প্রচারে ছিলেন তা তারা জানতেন না।