পুবের কলম ওয়েবডেস্ক:  অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিতে নতুন করে ৭ হাজার বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরাইলের উগ্র ডানপন্থী সরকার। ফিলিস্তিনি ভূখণ্ডে ‘অবৈধ’ ইহুদি বসতি স্থাপনের বিরোধিতাকারী পর্যবেক্ষক গ্রুপ ‘পিস নাউ’ এই তথ্য প্রকাশ করেছে।

অধিকৃত ভূখণ্ডে বসতি নির্মাণের বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইসরাইল এই পদক্ষেপ নিতে চলেছে। পিস নাউ জানিয়েছে, ইসরাইলের একটি পরিকল্পনা কমিটি পশ্চিম তীরে প্রায় ৭,১০০টি নতুন আবাসন ইউনিটের অনুমোদন দিয়েছে।

এছাড়া জেরুসালেমের পূর্বে ই-ওয়ান নামে একটি কৌশলগত এলাকা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আগামী মাসে একটি বৈঠক করবে ইসরাইলি কমিটি।
অতীতে আমেরিকা এই প্রকল্পটির বিরোধিতা করেছিল। এটি মূলত পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করবে। এর ফলে ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা অসম্ভব হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের দাবি করা ভূমিতে ইসরাইলি বসতি নির্মাণের কঠোর সমালোচনা করে রাষ্ট্রসংঘ একটি বিবৃতি পাস করার কয়েকদিন পরই নয়া বসতি নির্মাণের ঘোষণা করে ইসরাইল। এর মাধ্যমে যায়নবাদী সরকার ফের একবার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করল।