পুবের কলম, ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রগতি চিন্তা বাড়িয়েছে অনেকের। ইতিমধ্যে এআই নিয়ে হন্তদন্ত হতে দেখা গিয়েছে বিশ্বের তাবড় প্রযুক্তি সংস্থাগুলিকে। এআই আসার পরই চাকরি হারানো আশঙ্কা তৈরি হয়েছিল বিভিন্ন সেক্টরে। এবার শত শত কর্মীকে ছাঁটাই করছে অ্যামাজন।
শপিং সাইটটির জনপ্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট আলেক্সাকে পরিচালনা করতেন একটি ইউনিট। সেই ইউনিটে কর্মরত ছিলেন শত শত কর্মী। ভয়েস ইউনিটের কর্মীদের সরিয়ে জায়গা দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে। শত শত কর্মীর কাজ একাই করবে এআই। গত শুক্রবার কর্মীদের উদ্দেশ্যে অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল রাউশ লিখেছেন, “নতুন উদ্যোগের জন্য কোম্পানি কিছু কর্মীকে বাদ দিচ্ছে।” তিনি বলেন, ‘কয়েক শতাধিক’ পদ বাদ দেওয়া হবে। তবে সুনির্দিষ্ট করে কোনও পরিসংখ্যান বলেননি রাউশ।
এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেশি মুনাফা অর্জনের চেষ্টা করছে প্রযুক্তি সংস্থাগুলির। সেই দৌড়ে রয়েছে অ্যামাজনও। কোম্পানিটি গত কয়েক মাসে বেশকিছু এআই টুলসকে কাজে লাগিয়েছেন। মূলত গ্রাহকদের ভালো পরিষেবা দেওয়ার লক্ষেই এআই-এর ব্যবহার। এদিকে চাকরি ছাঁটাইয়ের ঘোষণা যুক্তরাষ্ট্র, কানাডা এবং ভারতের কর্মীদের আতঙ্কিত করে তুলেছে।






















