পুবের কলম, কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিনেই মেট্রো বিভ্রাটের জেরে নাজেহাল নিত্যযাত্রীরা। সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ কলকাতা মেট্রোর ব্লু লাইনে (উত্তর-দক্ষিণ করিডোর) পরিষেবা ব্যাহত হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মহাত্মা গান্ধী (MG) রোড স্টেশনে এক ব্যক্তির লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনার কারণেই এই অচলাবস্থা তৈরি হয়।
 
সূত্রের খবর, সোমবার সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ এমজি রোড স্টেশনের ডাউন লাইনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন।

চালক দ্রুত ইমার্জেন্সি ব্রেক কষলেও পরিষেবা পুরোপুরি থমকে যায়। ঘটনার পরপরই দমদম, গিরিশ পার্ক, ময়দানসহ একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। মেট্রোর ভেতরে ও প্ল্যাটফর্মে যান্ত্রিক ঘোষণার মাধ্যমে যাত্রীদের ট্রেন খালি করার অনুরোধ জানানো হয়।
 
দুর্ঘটনার জেরে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ফলে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।
ওই সময়ে মেট্রো কর্তৃপক্ষ আংশিক পরিষেবা চালু রাখে। ময়দান থেকে কবি সুভাষ (শহিদ ক্ষুদিরাম এলাকা)। দমদম থেকে দক্ষিণেশ্বর। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য: উদ্ধারকার্য দ্রুত শেষ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মেট্রো রেলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ পুনরায় স্বাভাবিক হয়েছে পরিষেবা।