পুবের কলম প্রতিবেদক: আঙুলের ছাপ বা রেখা ক্লোন করে আধার কার্ডের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সহজেই পৌঁছে যাচ্ছে জালিয়াতদের হাতে। এর জেরেই আর্থিকভাবে এবং তথ্যচুরির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। আধার কার্ডের তথ্য জালিয়াতি রুখতে এবার রাজ্যের অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ।
আরও পড়ুন:
বৃহস্পতিবার কলকাতা পুলিশের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়, বিভিন্ন সরকারি কাজের জন্য সংগৃহীত আধার কার্ডের তথ্য যেন আড়াল করার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন:
সাধারণত সম্পত্তি বা অন্যান্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছ যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়, তার মধ্যে আধার কার্ডের তথ্যও থাকে।
আধার কার্ডের তথ্য সম্বলিত সেই নথি আপলোড করা হয় সরকারি ওয়েবসাইটে। wbregistration.gov.in ছাড়াও বেশ কয়েকটি ওয়েবসাইটে এই আধার কার্ডের তথ্য আপলোড করা হয়।আরও পড়ুন:
আধার কার্ডের তথ্য সমৃদ্ধ তথ্যগুলিকে আড়াল করার আবেদন জানিয়ে রাজ্যের অর্থ দফতরকে সতর্ক করেছে কলকাতা পুলিশ। এ ব্যাপারে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, এই ধরনের বেশ কিছু সরকারি ওয়েবসাইটে আধার নম্বর, আঙুলের ছাপ-সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য আপলোড করার সময় যেন সেগুলি আড়াল করার ব্যবস্থাও করে রাজ্য অর্থ দফতর। জালিয়াতরা যেন কোনোভাবেই ওয়েবসাইট থেকে ওই তথ্য জালিয়াতি না করতে পারে, সে কারণেই কলকাতা পুলিশের পক্ষ বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সম্প্রতি আধার জালিয়াতদের খপ্পরে পড়ে কলকাতার বাগুইআটি এলাকার এক বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোপাট হয়েছে কয়েক হাজার টাকা। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির আধার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ আধার কার্ডে থাকা আঙুলের ছাপের তথ্যও জাল করা হয়েছে।
আরও পড়ুন:
কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে ওই আধারকার্ডের তথ্য সংগ্রহ করেছিল জালিয়াতেরা। বুধবার এমন দুই জালিয়াতকে গ্রেফতারও করে কলকাতা পুলিশ। এর পরেই রাজ্য সরকারের অর্থ দফতরকে চিঠি দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে।