পুবের কলম ওয়েব ডেস্ক: ৩৪ হাজার ফুট উঁচুতে মাঝআকাশে বিমানের ককপিটের ভিতর আচমকাই সহ-পাইলটের ছুরির হামলার শিকার হয়েছিলেন ভারতীয় পাইলট। কিন্তু রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থাতেও হার মানেননি স্মিত মচ্ছার নামে ওই পাইলট। অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে তিনি কোনওমতে ককপিটের দরজা খুলে দেন। এরপরই বিমানের ক্রু সদস্য ও যাত্রীরা ভিতরে ঢুকে হামলাকারী সহ-পাইলটকে ধরে ফেলেন এবং বড়সড় বিপদ থেকে রক্ষা পান সকলে।
দুবাই থেকে তেল আভিভগামী ওই বিমানে থাকা ইজরায়েলি দন্ত চিকিৎসক ড. শোতা মোসায়েভ মাঝআকাশেই আহত পাইলটের চিকিৎসা করেন। মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। চিকিৎসক জানান, ককপিটে ঢুকে তাঁরা দেখেন হামলাকারী মচ্ছারের উপর বসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছেন। তড়িঘড়ি তাঁকে নিরস্ত্র করা হয়। ছুরির কোপে ভারতীয় পাইলটের মাথা ও দুই হাত গভীরভাবে চিরে গিয়েছিল এবং প্রবল রক্তক্ষরণের জেরে একসময় তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন। মোসায়েভের মতে, বিমানে তিনিই একমাত্র চিকিৎসক ছিলেন এবং সময়মতো প্রাথমিক চিকিৎসা না শুরু হলে ওই পাইলটকে বাঁচানো কঠিন হত।
অসীম সাহসিকতার পরিচয় দেওয়া এই ভারতীয় পাইলটের প্রায় ১৩ বছর এবং ১০ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি দীর্ঘ ১০ বছর স্পাইসজেটে কাজ করার পর ২০২২ সালে ‘ফ্লাই দুবাই’ সংস্থায় যোগ দেন। বর্তমানে চার বছরেরও বেশি সময় ধরে তিনি সেখানে ক্যাপ্টেন হিসেবে কর্মরত রয়েছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে চরম প্রতিকূল পরিস্থিতিতেও যাত্রীদের রক্ষায় তাঁর এই তৎপরতাকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।