পুবের কলম ওয়েব ডেস্কঃ নাগরিকত্ব সংক্রান্ত বিধির পর এবার অভিবাসন বিধিতেও গুরুত্বপূর্ণ সংশোধন আনল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বল্পমেয়াদি ভিসায় ভারতে আসা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিবন্ধনের নিয়ম আরও কঠোর করা হয়েছে। ৬ মাস বা তার কম মেয়াদের ভিসায় আসা বিদেশি নাগরিকদের এবার মানতে হবে নতুন নিয়ম। 

নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিন বা তার কম সময়ের ভিসা নিয়ে ভারতে আসা কোনও বিদেশি যদি নির্ধারিত সময়ের বেশি দেশে থাকার ইচ্ছা পোষণ করেন, তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে।

আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের সুযোগ ছিল। সেই নিয়ম এখন বাতিল করা হয়েছে। কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকার অনুমতি শুধুমাত্র বিশেষ ও জরুরি পরিস্থিতিতেই বিবেচনা করা হবে। অবৈধভাবে দেশে অবস্থান এবং অনুপ্রবেশ রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, বাবা মা'র ক্ষেত্রে কেউ ভারতীয় ও বিদেশি নাগরিক হলে সেক্ষেত্রে কিছুটা স্বস্তির বার্তাও রয়েছে সংশোধিত নিয়মে। এতদিন ভারতে কোনও শিশুর জন্ম হলে তার বাবা-মাকে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনলাইনে বা মোবাইলের মাধ্যমে বিষয়টি জানাতে হতো। এই নিয়ম না মানলে শিশুর জন্য নতুন ভিসা পাওয়া বা দেশ ছাড়ার অনুমতি নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতো। তবে নতুন নিয়মে বলা হয়েছে, শিশুর বাবা-মায়ের মধ্যে একজন যদি ভারতীয় নাগরিক হন এবং তাঁরা সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে জন্মের ৩০ দিনের মধ্যে আলাদা করে সেই তথ্য জানানোর বাধ্যবাধকতা থাকবে না। তবে কোনও শিশু ভারতে থাকার সময় অন্য কোনও দেশের নাগরিকত্ব গ্রহণ করলে,  সেই নাগরিকত্ব লাভের ৩০ দিনের মধ্যেই বাবা-মাকে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্র।